হাতিয়ায় বাজারের জায়গা নিয়ে মারামারি: আহত দুই
- প্রকাশিত : বুধবার, ১ জুলাই ২০২৬। ৯:১১:২৪ পিএম
হাতিয়ায় বাজারের জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে গুরুতর আহত হন মিয়াজ(৩৫) ও সোহেল(৩২) নামের দুই ভাই। এতে একজন কিছুটা স্বাভাবিক থাকলেও মিয়াজের জ্ঞান ফিরেছে ২৫ ঘন্টাপর।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড বেজুগালিয়া খাসের হাট বাজারে। আহতরা একই এলাকার মৃত সেলিমের ছেলে।
বুধবার(০১ জুলাই) বেলা ১১টার দিকে মিয়াজের জ্ঞান ফেরার পর বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল সকাল ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় তারা আহত হলে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত মিয়াজের স্ত্রী রুনা বেগম জানান, খাসের হাটের ওই জায়গাটি তাদের বাড়ির দরজায়। হঠাৎ একদল লোক ওই স্থানে ঘর তুলতে এলে তার স্বামী ও দেবর বাড়ি থেকে বের হওয়া মাত্রই প্রতিপক্ষ ইট, রড আর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে হামলাকারীদের লাঠির আঘাতে তার হাত ও ঘাড়ে পুলা জখম হয় বলেও জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হানিফ, হোসেন ডুবাই, শেখ আহম্মদ, নুরুল হুদা, সম্পদ ও রাব্বিসহ ১০/১২ জন লোক এ হামলা চালায়। এরা ইট-রড দিয়ে মিয়াজ ও সোহেলের মাথা থেঁতলে দেয়। তখন রক্তাক্ত অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনার বিষয়ে অভিযুক্ত হানিফ ও হোসেন ডুবাইর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অল্পসময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।




















