নোয়াখালী-৬ আসনে ভোট
দুই শক্ত প্রতিদ্বন্দ্বিকে কতটা চ্যালেঞ্জ দিতে পারলেন হান্নান মাসউদ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬। ১:৪৫:৪৮ এএম
দ্বীপ উপজেলা হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নোয়াখালী-৬ আসন। এখানে বিএনপি ও এনসিপিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রবীণদের দীর্ঘদিনের দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নবীনরা। আলোচনায় আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন ও স্বাস্থ্য-শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ঘেরা হাতিয়া অঞ্চল নিয়ে নোয়াখালী-৬ আসন। ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা আর প্রায় সাত লাখ মানুষ নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ আসনে বিএনপির প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। হাতিয়ায় ধানের শীষের গণজোয়ার দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিজয়ী হলে নদীভাঙন রোধ ও ভূমিহীনদের পুনর্বাসন করবেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘এখানে আমাদের প্রথম ও প্রধান সমস্যা হলো নদীভাঙন। আমি নির্বাচিত হলে, আমার দল সরকার গঠন করলে আমার প্রথম যে কাজটি হবে, সেটি হলো নদীভাঙন রোধ করা।’
১১-দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘মোটামুটি হাতিয়ার সব মানুষ শাপলা কলিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ। তারা সন্ত্রাসীদের সাথে নিয়ে ঘোরে, তারা চাঁদাবাজদের সাথে নিয়ে ঘোরে; আর আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে ঘুরি।’
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব এবং তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম।
প্রবীণদের দীর্ঘদিনের সাংগঠনিক দাপট থাকলেও নবীনদের পরিবর্তনের বার্তা ভোটের মাঠে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ভোটাররা। নির্বাচনী মাঠে হাতিয়ার এই আসন এখন প্রবীণদের মর্যাদা রক্ষা আর নবীনদের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনার লড়াই হিসেবে দেখছেন স্থানীয়রা।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ভোটকেন্দ্র ১০৪টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সাতটি।
প্রধান সংবাদ | ২৮ জানুয়ারি ২০২৬
দুই শক্ত প্রতিদ্বন্দ্বিকে কতটা চ্যালেঞ্জ দিতে পারলেন হান্নান মাসউদ
















