হাতিয়ায় ৫০ কেন্দ্রে এগিয়ে হান্নান মাসউদ, জয়ের পথে শাপলা কলি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ৭:৫১:০০ পিএম
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বিভিন্ন কেন্দ্রের বিজয়ের খবরে শাপলা কলি প্রতীকের সমর্থকরা আনন্দ মিছিল বের করেছে।
সর্বশেষ গণনা হওয়া ৫০টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে— শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৪৪,৯০১ ভোট, অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুব রহমান শামীম পেয়েছেন ২৫,৩২৮ ভোট।
এই হিসেবে হান্নান মাসউদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। চলমান ভোট গণনার ধারা অব্যাহত থাকলে তিনি বড় ব্যবধানে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
স্থানীয় ভোটারদের মতে, হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলে হান্নান মাসুদের পক্ষে যে গণভিত্তিক সমর্থন দেখা গেছে, তারই প্রতিফলন মিলছে ভোটের ফলাফলে। বিশেষ করে নারী ভোটার ও তরুণ ভোটারদের অংশগ্রহণ শাপলা কলির পক্ষে ফল ঘুরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গণনা কেন্দ্রগুলোতে অতিরিক্ত সতর্কতার সঙ্গে ভোট গণনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোট গণনা প্রক্রিয়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে।
বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পরই চূড়ান্ত ফল জানা যাবে। তবে সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী, হাতিয়ার রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান ঘটতে যাচ্ছে—এমনটাই বলছেন এলাকাবাসী।
বৃহত্তর হাতিয়া | ১২ ফেব্রুয়ারি ২০২৬
হাতিয়ায় ৫০ কেন্দ্রে এগিয়ে হান্নান মাসউদ, জয়ের পথে শাপলা কলি










