উপকূলের নারীদের সমস্যা নিয়ে ঢাকায় ক্যাফে ডায়ালগ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫। ৮:৫৭:৩০ পিএম
উপকূলের নারীদের সমস্যা, সম্ভাবনা ও করনীয় বিষয় নিয়ে
ক্যাফে ডায়ালগ ‘উপকূলের নারী’অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল রাজধানীর গুলশানের একটি হোটেলে এ ক্যাফে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি তার স্বাগত বক্তব্যের মাধ্যমে উপকূলের একজন নারী হিসাবে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন, এছাড়া তিনি ১৯৬০ সালের ঘুর্নিঝড়,জলোচ্ছ্বাসে তার আপন চার ভাই-বোন হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। ১৯৯৮-২০২৫ পর্যন্ত তার হাত ধরে গড়ে ওঠা ২৭ বছরের জাগোনারী’র গল্প তুলে ধরেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ পারভেজ তার গবেষনা লব্ধ ফলাফল হতে উপকূলের নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন তিনি বলেন, জাগোনারী উপকূলের নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং বিভিন্ন গবেষনা কার্যক্রম পরিচালনায় আমাদের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
সভায় উপকূলের নারী জেলে লাইলি আক্তার তার জীবন সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, অভাবের সংসারে পড়াশোনার ইচ্ছা খাকলেও করতে পারিনি, অসুস্থ্য বাবা মায়ের দেখাশোনার জন্য নদী সাগরে মাছ ধরার কাজে নিজেকে যুক্ত করি কিন্তু সেখানেও অনেক সমস্যা ও বৈষম্যর শিকার হয়েছি, নারী হিসাবে আড়তে মাছ বিক্রি করতে গিয়ে কেজিতে ১০০-১৫০ টাকা কম পাই। বর্তমানে নদীতে মাছ অনেক কমে গেছে মানুষের কামলা দিতে হয়।
মান্তা জনগোষ্ঠীর নারী শেফালি বেগম তার সংগ্রামী জীবনের গল্প শোনান। তিনি বলেন, নদীতে জন্ম, নদীতে মৃত্যু, নদীদেই বিবাহ এবং সংসার মাছ ধরে জীবন চালাই, আমরা কোন সরকারী সুযোগ সুবিধা পাইনা, লোকজন আমাদের ভাল চোখে দেখেনা, কেউ মারা গেলে কবর দেয়ার জায়গা নেই অনেক সময় নদীতে লাশ ভাসিয়ে দেয়, শিশুদের নৌকায় বেধে রেখে মাছ ধরতে যাই, আমাগো ছেলে মেয়েদের শিক্ষার কোন সুযোগ নেই আমাগো স্কুলের দরকার, বর্তমানে নদীতে মাছ নেই, কমে গেছে আমাদের জন্য অন্য কোন কাজের ব্যবস্থা করতে পারলে আমরা ভাল থাকতে পারবো।
স্থানীয় সরকার প্রতিনিধি হালিমা বেগম বলেন, পায়রা নদী এবং বঙ্গোপসাগরের তীরে আমার বাড়ী অনেক চ্যলেঞ্জ এর মধ্য দিয়ে আমি বড় হয়েছি এই পর্যায়ে ইউনিয়ন পরিষদেও সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছি কাজের ক্ষেত্রে অনেক বৈষম্যর শিকার হতে হয়। তিনি সরকারী বেসরকারী সকলকে ইউনিয়ন পরিষদেও মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয়ের প্রতি গুরুত্ব দেন।
ক্যাফে ডায়ালগ অনুষ্ঠানে উপকূলের নারীদের জীবন সংগ্রামের স্থিরচিত্র, ভিডিও সকলের সামনে উপস্থাপন করা হয়। উন্মুক্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দগণ তাদের মতামত তুলে ধরেন। জাগোনারী’র উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন জেলা ও দায়রা জজ জনাব রোকসানা বেনজু সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচীর সমাপনী করেন।
উপকূল | ১৮ ডিসেম্বর ২০২৫
উপকূলের নারীদের সমস্যা নিয়ে ঢাকায় ক্যাফে ডায়ালগ





















