৩০৬ কোটি টাকা লাভে ইতিহাস বাংলাদেশ শিপিং কর্পোরেশনের
- প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫। ৫:১৩:২৮ এএম
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২৪-২৫ অর্থবছরে ৩০৬ কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করেছে। সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে এটিই এক অর্থবছরে সর্বোচ্চ মুনাফা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মুনাফা ছিল প্রায় ২৫০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে সংস্থাটির মুনাফা বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বোটক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি জানান, শেয়ারধারীদের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত এজিএমে অনুমোদন করা হয়েছে।
এজিএমে জানানো হয়, আলোচ্য অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ৫৯১ কোটি টাকা। পাশাপাশি অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭ কোটি টাকার বেশি। সব মিলিয়ে সংস্থাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯৮ কোটি ২৮ লাখ টাকা।
ব্যয়ের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালনা ব্যয় ছিল প্রায় ২৯০ কোটি টাকা। এ ছাড়া প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ কোটি ৪৫ লাখ টাকা।
এজিএমে সভাপতিত্ব করেন বিএসসির চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
উপকূল | ২৩ ডিসেম্বর ২০২৫
৩০৬ কোটি টাকা লাভে ইতিহাস বাংলাদেশ শিপিং কর্পোরেশনের
















