জাল ভোট দেওয়ার অভিযোগে হাতিয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ৬:০৮:৪২ পিএম
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে রিজিয়া সুলতানা নামে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) হাতিয়া পৌরসভার শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন হাতিয়া কন্ঠকে বলেন, ‘অভিযুক্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাল ভোট দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যালট পেপার ভোটারের হাতে না দিয়ে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিজেই ব্যালটে সিল মারছেন। ভিডিওতে ‘হ্যা’ ভোট এবং শাপলা কলি প্রতীকে সিল মারতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হাতিয়া পৌরসভার শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১নং ওয়ার্ডে দায়িত্বে ছিলেন। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন- হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ।
নির্বাচন আইন অনুযায়ী, ভোটারের হাতে ব্যালট না দিয়ে কোনো নির্বাচনী কর্মকর্তা নিজে সিল মারলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
প্রধান সংবাদ | ১২ ফেব্রুয়ারি ২০২৬
জাল ভোট দেওয়ার অভিযোগে হাতিয়ায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক










