শামীমের সংবাদ সম্মেলন
আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপির বিরুদ্ধে ভোটারদের পিটিয়ে জখমের অভিযোগ
- প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬। ৭:৫৬:২০ পিএম
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপির লোকজনের সমন্বয়ে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মারধর করে আহত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার ধানসিঁড়ি রেস্ট হাউজে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আহত কয়েকজন ব্যক্তি ও ভুক্তভোগী বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত এবং ভোটের দিন হাতিয়ার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর লোকজন যৌথভাবে ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৌবাহিনী, কোস্ট গার্ড এবং শাপলা কলি প্রতীকের সমর্থকরা একযোগে হরনী, চানন্দী, বুড়িরচর, জাহাজমারা, নিঝুম দ্বীপ ও সুখচর এলাকায় আমাদের নেতাকর্মীদের মারধর করে আহত করেছে। ভোটের দিন তাদের রাস্তায় দাঁড়াতেও দেওয়া হয়নি, ফলে ভোট প্রদানে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ায় দায়িত্বরত নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দারের কর্মকাণ্ডে পক্ষপাতদুষ্ট আচরণ পরিলক্ষিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত দুই দিনে বিএনপির দুই শতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের অনেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাহবুবের রহমান শামীম আরও বলেন, হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন নৌবাহিনীর সদস্যরা তার সঙ্গেও অকারণে বিতর্কে জড়িয়ে পড়েন। সংবাদ সম্মেলনে তিনি আজও সুখচর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় হামলার অভিযোগ তুলে হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালী জেলা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেন।
প্রধান সংবাদ | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপির বিরুদ্ধে ভোটারদের পিটিয়ে জখমের অভিযোগ
















