আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হান্নান মাসউদের
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৫৬:১৬ পিএম
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও জোরদার ও কার্যকর ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন কাজ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আমার আপন ভাই যদি বন কাটার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও বন বিভাগকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, “যদি আর বনের একটি গাছও কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” উপকূলীয় হাতিয়ায় বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান সংসদ সদস্য। তিনি বলেন, এনসিপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এ নীতি বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংসদ সদস্যের দিকনির্দেশনাকে স্বাগত জানান।
প্রধান সংবাদ | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হান্নান মাসউদের
















