আজিম গ্রুপ নিয়ে পোস্ট দেওয়ায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি, থানায় জিডি
- প্রকাশিত : রবিবার, ৩ মে ২০২৬। ৫:৫৯:৪২ পিএম
আজিম গ্রুপ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার (৩৬) বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শনিবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী (২৬) দৈনিক প্রতিদিনের কাগজের নোয়াখালী জেলা প্রতিনিধি এবং দ্যা ঢাকা নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় নিজ বাসায় অবস্থান করছিলেন রাফী। ওই সময় যুবদল নেতা জিয়া তার মুঠোফোন ফোনে কল করেন। একপর্যায়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন আজিম গ্রুপের শ্রমিকদের বেতন না পাওয়ার বিষয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাফীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে রাফী চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১০৬)।
ভুক্তভোগী মামুন রাফি বলেন, ‘আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি গুরুত্বসহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া হাতিয়া কন্ঠকে বলেন, ‘দুই দিন আগে মামুন রাফী তার ফেসবুক পোস্টে আজিম গ্রুপের মালিককে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করে। এ বিষয়ে জানতে একাধিকবার আমি তাকে ফোন দিয়েছি। সে ফোন রিসিভ করে করেনি। একপর্যায়ে ফোন রিসিভ করে ফেলে রাখলে তাকে গালমন্দ করি। কিন্তু প্রাণনাশের হুমকি দিইনি।’ তিনি বর্তমানে আজিম গ্রুপে কর্মরত রয়েছেন বলেও জানান।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নূর হোসেন মামুন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সিএমপিতে আজিম গ্রুপের প্রায় ৩হাজার শ্রমিক রাস্তায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করে। শ্রমিকদের আন্দোলন ঘিরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যস্ত ছিলাম। জিডির বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান সংবাদ | ৩ মে ২০২৬
আজিম গ্রুপ নিয়ে পোস্ট দেওয়ায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি, থানায় জিডি


















