পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হাতিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর ) দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে, ৫নং চরইশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ক্ষিরোদিয়া মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণ ও আশপাশের সড়কের পাশে গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন হাতিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা মো. মিরণ উদ্দিন, ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী নাজমা বেগমসহ ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ, ঔষুধী গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা নাজমা আক্তার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এছাড়া পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





