কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল
- প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৯:১১:২৪ পিএম
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী গণপূর্ত অফিসের সামনে থেকে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানা এলাকার দিকে যায় এবং পরে পুনরায় গণপূর্ত অফিসের সামনে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদ নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মশাল মিছিলে যুবঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আবু হোসেন ফরহাদ, কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ওসমান গণি রুবেল, জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাসেল, সদর উপজেলা কমিটির সভাপতি জহির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৫ আগষ্ট শনিবার কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা লোকজন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা, অফিস ভাংচুর, দোকান পাট লুটপাট করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা, সন্ত্রাস বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা কুষ্টিয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।




















