চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ১২
- প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬। ৩:৩৮:৫৭ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ওই হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গত ১৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি, নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজন পুরুষ ও আটজন নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন নোয়াখালী ছাড়াও চট্টগ্রাম, বরিশাল, সুনামগঞ্জ, ঢাকা ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে নারী-পুরুষসহ ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















