নোয়াখালীতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, আহত ৫
- প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট ২০২৬। ১১:৩৯:০২ পিএম
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়েছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উভয় পক্ষের অন্তত ৫ নেতাকর্মী আহত হন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার থেকে ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাইজদী-কবিরহাট আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর সূত্র ধরে বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



















