নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা নির্বাহী অফিসার ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর সভাপতি রাসেল ইকবাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-২ শাখার গত ২০ সেপ্টেম্বরের একটি স্মারকের নির্দেশনা অনুযায়ী এই কমিটিগুলো গঠন করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটিতে খেলাধুলা পরিচালনার জন্য ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
গঠিত এই কমিটিগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান বা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে সহকারী শিক্ষা অফিসার, মেডিকেল অফিসার বা স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও অনুরাগীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এই কমিটিগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলাধুলার কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।





