শিরোনাম
প্রধান সংবাদ

নোবিপ্রবির নজরুল বর্ষের সেমিনারে অংশ নেবেন হাতিয়ার কৃতিসন্তান ও বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম

নোয়াখালীর হাতিয়ার কৃতি সন্তান ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের অংশগ্রহণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ঘোষিত নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। আলোচক হিসেবে থাকবেন সাহিত্যিক ও নজরুল-বিশেষজ্ঞ ড. আবু হেনা আবদুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোবিপ্রবিতে নজরুল বর্ষ উদ্‌যাপন কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিন।

ড. মোহাম্মদ আজম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্মগ্রহণ করেন এবং ১৯৯১ সালে হাতিয়া এ এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৩ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বাংলা একাডেমির ১৯তম মহাপরিচালক। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ