শিরোনাম
প্রধান সংবাদ

কারাবন্দী বাপ্পি, যুবশক্তির হাতিয়া উপজেলা কমিটি থেকে পদত্যাগ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় যুবশক্তির উপজেলা কমিটিতে নিজের সম্মতি ছাড়াই যুগ্ম আহ্বায়ক পদে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পদত্যাগপত্র দিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ‘ফাহাদ হোসেন বাপ্পি’ নামের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পরে বাপ্পির ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, বাপ্পির সম্মতি নিয়ে পরিবারের এক সদস্য এ ফেসবুক পোস্ট করেছেন।

পদায়নের আগে তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা সম্মতি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাপ্পি। বর্তমানে আইনি জটিলতায় কারাগারে বন্দী থাকায় সাংগঠনিক দায়িত্ব পালনও তাঁর পক্ষে সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

সম্প্রতি জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে তাঁকে মনোনীত করার বিষয়টি জানতে পারেন বাপ্পি। তিনি ফেসবুক পোস্টে লেখেন,
‘আমার সম্পূর্ণ অগোচরে এবং ব্যক্তিগত ইচ্ছা ও সম্মতির বাইরে আমাকে একটি সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানার পর আমি বিস্মিত, বিব্রত ও একই সঙ্গে অত্যন্ত বিরক্ত হয়েছি। কোনো ব্যক্তির মতামত ও সম্মতি ব্যতিরেকে এভাবে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে আমি মনে করি।’

পদত্যাগপত্রে বাপ্পি জানান, পদায়নের আগে থেকেই আইনি জটিলতার কারণে তিনি কারাগারে বন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে তাঁর সঙ্গে যোগাযোগ কিংবা সম্মতি গ্রহণ না করে সাংগঠনিক দায়িত্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি তাঁকে আরও বিব্রত করেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এ অবস্থায় জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে পদত্যাগপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ফাহাদ হোসেন বাপ্পি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় যুবশক্তি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক ইউসুফ রেজা হাতিয়া কন্ঠকে বলেন, ‘বাপ্পির সঙ্গে আলোচনা করেই পদ দেওয়া হয়েছে। ইউপি নির্বাচনের আগে তাকে জামিন করানোর সর্বোচ্চ চেষ্টাও আমাদের রয়েছে।’

প্রসঙ্গত, ফাহাদ হোসেন বাপ্পি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মালয়শিয়ার ছেলে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাপ্পি চেয়ারম্যান প্রার্থী হতে পারেন, মাঠ পর্যায়ে এমন আলোচনা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ