নোয়াখালীর হাতিয়ায় জবাইকৃত একটি হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একইদিন সকাল আটটায় কোস্ট গার্ড হাতিয়া স্টেশন গোপন সংবাদের তথ্য নিশ্চিত হয়ে চর আতাউর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করে।
বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন সংলগ্ন চর আতাউর এলাকায় আজ সকালে একটি হরিণ জবাইয়ের তথ্য পাওয়া যায়। পর এর সত্যতা নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’ জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।





