মোহাম্মদপুর ও তেজগাঁও এ পথসভা অনুষ্ঠিত
‘সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল না হলে তীব্র আন্দোলন জোরদার করবে সিপিবি’
- প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল ২০২৬। ১১:২৪:৪৯ পিএম
সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল না হলে তীব্র আন্দোলন জোরদার করার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার সিপিবি’র ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোহাম্মদপুর এবং তেজগাঁও এ অনুষ্ঠিত দুটি পথসভা বক্তারা এ হুশিয়ারি দেন।
সিপিবি মোহাম্মদপুর থানার আয়োজনে টাউন হলে একটি পথসভায় সভাপতিত্ব করেন কমরেড আহসান হাবিব লাবলু। সঞ্চালনা করেন সিপিবি মোহাম্মদপুর থানা শাখা কমিটির সদস্য কমরেড নাসির উদ্দিন। পথসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য, কমরেড ডা. আহমেদ সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য জামাল হায়দার মুকুল।
ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। সংসদে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের বিষয়ে কোন আলোচনা হচ্ছে না। এই চুক্তি বাতিল না হলে সামনের দিনের বিপর্যস্ত পৃথিবীতে বাংলাদেশ বিপন্ন অবস্থায় পরবে। বাংলাদেশ শেকলবন্দী হয়ে যাবে। সার্বভৌমত্ব বলে আর কিছু থাকবে না। তীব্র গোপনীয়তার নাম করে দেশকে আমেরিকার কাছে বর্গা দেয়ার সাথে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে। আর বর্তমান সরকার এই বাণিজ্য চুক্তি বাতিল না করলে, দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করবে সিপিবি।
সিপিবির কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর উত্তর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড লাকী আক্তার বলেন, দিন যত যাচ্ছে দেশের সংকট ঘনীভূত হচ্ছে। এমনিতেই দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠছে। সামনের দিনে আমাদের কৃষি আর শিল্প বিপর্যস্ত হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের মধ্যে পরবে। আর এই বাণিজ্য চুক্তি বহাল থাকলে বাংলাদেশের বিপর্যয় রুখে দাড়ানোর আর কোন উপায় থাকবে না। স্বাধীনভাবে মতামত এবং কম মূল্যে পণ্য কিনতে পারবে না সরকার। এটা বাংলাদেশের জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপবে। অবিলম্বে এই সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করে বাংলাদেশকে সম্ভাব্য কঠিন বিপদের হাত থেকে মুক্ত করতে হবে।
এছাড়াও সিপিবি’র ঢাকা মহানগর কমিটির উদ্যোগে তেজগাঁও থানার নাবিস্কো মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম। সঞ্চালনা করেন তেজগাঁও থানার সম্পাদক মাহমুদ হাসান জুয়েল।পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল বিশ্বাস, জেলা কমিটির সদস্য কল্লোল বণিক।
জাতীয় | ৫ এপ্রিল ২০২৬
‘সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল না হলে তীব্র আন্দোলন জোরদার করবে সিপিবি’





















