নোয়াখালীতে মজুত ১২০০ লিটার পেট্রোল জব্দ, গ্রেফতার ৩
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬। ৪:৫৪:১১ পিএম
নোয়াখালীর সদরে অবৈধভাবে মজুত করা এক হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৫ এপ্রিল) রাতে নোয়াখালী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে এসব তেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।
তাদের কাছ থেকে এক হাজার ২০০ লিটার পেট্রোল ও একটি নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় শহরের বড় মসজিদ এলাকায় টহল অবস্থায় গোপন তথ্যে এসব মালামাল জব্দ ও আসামিদের গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। পরে আসামিদের বিরুদ্ধে সদরের সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী | ১৬ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে মজুত ১২০০ লিটার পেট্রোল জব্দ, গ্রেফতার ৩















