নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তরুণদের বুদ্ধিভিত্তিক বিকাশ সহজ করতে একটি গণপাঠাগার তৈরির আগ্রহের কথা জানিয়েছেন দাঁড়িকমা প্রকাশনীর প্রতিষ্ঠাতা মো. আবদুল হাকিম। এই গণপাঠাগার তৈরিতে দাঁড়িকমা প্রকাশনী ভূমিকা রাখবে বলেও জানান। সম্প্রতি পাক্ষিক হাতিয়া কন্ঠকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি।
আবদুল হাকিম বলেন, “হাতিয়ার মানুষকে বই পড়ার ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি চাই হাতিয়াতে একটি গণপাঠাগার হোক, যেখানে আমরা এক লক্ষ বই দিয়ে যাত্রা শুরু করব। হাতিয়ার প্রত্যেকটা ইউনিয়নে সেটার শাখা থাকবে। প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা সেখান সহজে বই পড়তে পারবে। কারণ এই বই পড়ার মাধ্যমেই একমাত্র হাতিয়ার মানুষগুলো যদি শিক্ষায় এগিয়ে যায়, জ্ঞানে এগিয়ে যায়, তাহলে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে এসেও আলো ছড়াতে পারবে, এটা আমার বিশ্বাস।”
দাঁড়িকমা প্রকাশনী ২০১৫ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে। চলতি বছর ১৭ অক্টোবর প্রকাশনাটি ১২ বছরে পদার্পন করেছে। এ পর্যন্ত দাঁড়িকমা থেকে এক হাজারের বেশি কবি লেখকের বই প্রকাশিত হয়েছে। নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেনের মতো অনেক প্রখ্যাত কবি লেখকের বই ছাপিয়েছে এই প্রকাশনী। লেখালেখিতে হাতিয়া উপজেলার পরিচিত মুখ নঈম শামীম খান, রিপাজ উদ্দিন, জুয়েল দাসের বইও দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। ভবিষ্যতে প্রকাশনাটি তরুণ লেখক ও কালজয়ী সাহিত্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রকাশক। আইন বিষয়ে উচ্চ শিক্ষা নেওয়া আব্দুল হাকিম প্রকাশনা ব্যবসায় আসার আগে ২০১৩ সালে তার নিজের প্রথম বই ‘আলোর মিছিল’ প্রকাশিত হয়েছিল। সেই সময় দুই বছর আঞ্চলিক পত্রিকা দ্বীপশিখার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন তিনি।
হাতিয়া দ্বীপকে নিয়ে স্বপ্নের কথা বলতে গিয়ে এই তরুণ প্রকাশক হাতিয়া কন্ঠকে বলেন, ‘আপনার যদি হাতিয়াকে নিয়ে কোনো প্ল্যান থাকে, সেখানে যদি কোনো বই রিলেটেড কোনো বিষয় থাকে, আপনি আমাকে যুক্ত করতে পারবেন। আমি চাই হাতিয়ার উন্নয়নের জন্য, বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য আমি যেকোনোভাবে অংশগ্রহণ করতে। এভাবে আমরা সম্মলিতভাবে হাতিয়াকে এগিয়ে নিতে পারবো।’





