ফেরি উদ্বোধন ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি মুখোমুখি
হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে হান্নান
- প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬। ৪:৫৮:৪৯ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হাতিয়ার নলছিরা ফেরিঘাটে পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি, জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে তিনটায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি উপলক্ষে ফেরি দেখতে জড়ো হয় স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এসময় ফেরি আনয়নের পেছনে হান্নান মাসউদের অবদানকে স্মরণ করে শাপলা কলির পক্ষে স্লোগান দেয় এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এনসিপি-জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা করে। হামলায় আহত হয় এনসিপি নেতাকর্মীসহ বেশ কয়েকজন সমর্থক।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি, জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছে। আমরা এ হামলায় জড়িতদের গ্রেফতার করার আগ পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব।
প্রধান সংবাদ | ৩০ জানুয়ারি ২০২৬
হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে হান্নান
















