সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি জানালেন হান্নান মাসউদ
- প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৮:৩০:৫২ পিএম
জাতীয় সংসদে বৃহত্তর নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার সংসদের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাকালে তিনি এ দাবি উত্থাপন করেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এই সংসদ সদস্য বলেন, ১৯৯৪ সাল থেকে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এ অঞ্চলের মানুষ ধারাবাহিক আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে নোয়াখালী আলাদা প্রশাসনিক মর্যাদার যোগ্য।
হান্নান মাসউদ আরও উল্লেখ করেন, ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় একটি বড় বিমানঘাঁটি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি একসময় ভুলুয়া নদীবন্দরও ছিল, যা দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নদীবন্দর হিসেবে পরিচিত ছিল। তিনি বলেন, দেশের বিভিন্ন জাতীয় আন্দোলনে নোয়াখালীর মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও এই অঞ্চলের মানুষের আত্মত্যাগ রয়েছে।
দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে হান্নান মাসউদ বলেন, এই বৈষম্য দূর করতে দ্রুত নোয়াখালীকে একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা প্রয়োজন।
প্রধান সংবাদ | ২২ এপ্রিল ২০২৬
সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি জানালেন হান্নান মাসউদ


















