রাঙ্গামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- প্রকাশিত : রবিবার, ১৪ জুন ২০২৬। ১:০৯:২৯ পিএম
রাঙ্গামাটি সদর উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) রাঙ্গামাটি শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিস, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তাপসী চাকমা ও রাঙ্গামাটি বধির স্কুলের সভাপতি জনাব নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও দেশের সম্পদ। তাদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশ | ১৪ জুন ২০২৬
রাঙ্গামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত





















