জলবায়ু পরিবর্তনে হাতিয়া দ্বীপে বেড়েছে তাপদাহ, স্বাস্থ্যঝুঁকিতে নারীরা
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬। ১২:৩৮:২৭ পিএম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহসহ নানা দুর্যোগের ঝুঁকি বেড়েছে, যার নেতিবাচক প্রভাব নারীদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ওছখালীর আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত “মর্যাদার সাথে সহনশীলতা” এক দক্ষতা উন্নয়ন সভায় আলোচকেরা এ তথ্য তুলে ধরেন। তারা তাপদাহ ও সহিংসতা থেকে সুরক্ষার জন্য করণীয় সম্পর্কে আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা যেমন দেখা যাচ্ছে, তেমনি উপকূলীয় এলাকা হাতিয়াতেও তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। এতে নারীরা দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন—একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলার বিকল্প নেই।
সভায় সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের ১০০ জন সদস্য ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য হাতপাখা, গামছা এবং জিবিভি রেফারেল পথওয়ে সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ১৫টি আরএমসি’র সভানেত্রীদের উপকরণ হস্তান্তর করা হয়। এ কর্মসূচি বাস্তবায়ন করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান ও একশনএইড বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, ইউএনএফপিএর জিবিভি ইন ইমার্জেন্সি অফিসার সামসাদ খান। কর্মসূচি পরিচালনা করেন প্রান-এর কর্মসূচি সমন্বয়কারী উম্মে সালমা পপি।
উপকূল | ২১ এপ্রিল ২০২৬
জলবায়ু পরিবর্তনে হাতিয়া দ্বীপে বেড়েছে তাপদাহ, স্বাস্থ্যঝুঁকিতে নারীরা

















